নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা থেকে নতুন মোটর সাইকেল কিনে বাড়ী ফেরার পথে চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দূর্ঘটনায় কবির হোসেন ও মিজান নামের দুই যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৩ অক্টোবর) বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার মিজানুর রহমানের ছেলে এবং অপর নিহত মিজানুর রহমান ওরফে মিজান একই এলাকার মো. ইয়াকুবের ছেলে।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, চালক ও দুই আরোহীসহ কুমিল্লা থেকে নতুন মোটর সাইকেল ক্রয় করে কচুয়া আসার পথে এ দূর্ঘটনা ঘটে। বিকালে তারা অজ্ঞাত গাড়ির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন কবির হোসেন। অপর দুজন গুরুতর আহত হলে পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মিজান মারা যান। অপর আহতের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনাস্থলে কবির হোসেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজান মারা যান। অপর আহত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
![]()