চাঁদপুর পৌরসভা নির্বাচনে পুরনোসহ নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রথম শ্রেনীর পৌরসভার মধ্যে চাঁদপুর পৌরসভা অন্যতম। জেলা সদরের এই পৌরসভার নির্বাচন নিয়ে গত কয়েক মাস আলোচনা ভোটারদের মুখে মুখে। নতুন নতুন প্রার্থীদের প্রচারণাও শুরু হয়েছে একবছর আগ থেকে। মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য বহু প্রার্র্থী তাদের অবস্থান জানান দিচ্ছে। অনেক সম্ভাব্য প্রার্থী নির্বাচনী এলাকায় জনমত গড়ে তুলতে কাজও শুরু করেছেন।

ঈদ ও অন্যান্য উৎসবে শহরের বিভিন্ন সড়কে ও গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হয়েছে ব্যানার ও পোস্টার। বিভিন্ন মাধ্যম থেকে জানাগেছে, আগামী ডিসেম্বর মাসের ১৫ তারিখের পরে চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল গোষণা হতে পারে। বিষয়টি কার্যকর হলে ডিসেম্বর মাসেই চাঙ্গা হয়ে উঠবে চাঁদপুর পৌরসভা নির্বাচনের প্রচারণা।

খোঁজ নিয়ে জানাগেছে, চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির চাইতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের বেশী সরব। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ টানা তৃতীয়বার সরকারের দায়িত্ব থাকার কারণে জনপ্রতিনিধি হওয়ার আশা আকাঙ্খা অনেকে নেতার মধ্যে জাগ্রহ হয়েছে। দলীয় পদের পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন অনেকের মধ্যেই জাগ্রত হয়েছে। যেই কারণে দলীয় সমর্থন নিয়ে অনেকেই মেয়র পদে নির্বাচন করার আগাম বার্তা দিয়ে আসছেন।

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ রয়েছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে পৌরসভার অনেক উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছেন তিনি। আবারও তিনি মেয়র প্রার্থী হবেন কিনা আনুষ্ঠানিক কোন ঘোষণা তার পক্ষ থেকে এখনো আসেনি। তবে তাঁর সমর্থক ও অনুসারী অনেকেই আবারও মেয়র হিসেবে তাকেই দেখতে চান এমন প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাগেছে।

অপরদিকে চাঁদপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার আলোচনায় এসেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী। আলোচনায় আছেন জেলা আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুঁইয়া।

বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থীতার বিষয়ে এখন পর্যন্ত জানান না দিলেও সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান ভুঁইয়া, পৌর বিএনপির নব নির্বাচিত সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী জুয়েল মেয়র পদে প্রার্থী হতে পারেন।

অপরদিকে চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে পুরুষ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রায় প্রত্যেক ওয়ার্ডে নতুন মুখ দেখা যাচ্ছে। প্রচার ও প্রচারণায় তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন। বসে নেই বর্তমান কাউন্সিলরগণ। তারাও তাদের বিগত দিনের কার্যক্রম তুলে ধরে আবারও নির্বাচিত হওয়ার জন্য বিভিন্ন গনমাধ্যমে বক্তব্য দিচ্ছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তবে নির্বাচনের তফসিল ঘোষনার পরেই শুরু হবে মূল প্রচারণা। তফসিল ঘোষণার পর, দলীয় ভাবে প্রার্থী নির্বাচন ও জনসমর্থন নিয়ে মাঠে নামবেন চূড়ান্ত প্রার্থীরা। তারপরেই শুরু হবে ভোটারদের হিসেব নিকেশ।

Loading

শেয়ার করুন: