শিক্ষিত জাতিই পারে একটি আদর্শ ও উন্নত দেশ গড়তে :নূরুল আমিন রুহুল এমপি

মনিরা আক্তার মনি :

মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

বুধবার জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠান শুরু হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১৯ সালের সকল ব্যাচের ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে আয়োজন করা হয় পূণর্মিলনী অনুষ্ঠানটি।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল।

তিনি বলেছেন, একটি শিক্ষিত জাতিই পারে একটি আদর্শ ও উন্নত দেশ গড়তে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন। সরকারি-বেসরকারি উচ্চপর্যায়ে দায়িত্ব পালন করছেন। সময়ের সিঁড়ি বেয়ে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি গৌরবময় ২৭ বছর উদযাপন করছে। সেই সঙ্গে অনেক চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সুনাম অর্জন করবে।

তিনি আরো বলেন, এ স্কুলের স্মৃতি জীবনে কোনোদিন ভুলতে পারব না, ভোলা যায় না। আমরা যখন সবাই একত্রিত হই তখন মনে হয়, এই বুঝি আমরা আগের বয়সে, আগের জীবনে ফিরে গেলাম। অনুষ্ঠানে সবাই উপস্থিত হওয়ায়, তিনি সবাইকে শুভেচ্ছা জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. সামছুল আলম মোহন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল প্রমুখ।

অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম পাঠানের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র সোহেল রানা এবং নাজনীন আক্তারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক খোরশেদ আলম, সাবেক প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম রায়, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম পাটোয়ারী, দাতা সদস্য ফজলুল হক, বিশিষ্ট শিল্পতি কাজী মোজাম্মেল হক, উদযাপন কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন বিএসসি, ইঞ্জিনিয়ার তোফায়েল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা মো. জামাল হোসেন। প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য দেন।

এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে দর্শক স্রোতা ।

এর আগে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মসজিদ ভবন, চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও আইসিটি ক্লাস রুম ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

Loading

শেয়ার করুন: