ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে পিছিয়ে রেখে পুরোপুরি উন্নয়ন অর্জন সম্ভব নয়:ভারপ্রাপ্ত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ বলেছেন, সরকার (এসডিজি) টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন, তাতে কোন গোষ্ঠীকে বাদ রেখে পুরোপুরি উন্নয়ন অর্জন করা সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী যার কারণে বিশেষ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নের জন্য সহায়তা দেয়া হচ্ছে। চাঁদপুর সদর উপজেয়া ৭ হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করছেন। তাদেরকে পিছিয়ে রেখে উন্নয়ন করা সম্ভব নয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থা কার্যালয়ের মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যাতিত)” শীর্ষক কর্মসূচির আওতায় চলতি ২০১৯-২০২০ অর্থ বছরের চাঁদপুর সদর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (ত্রিপুরা) ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাশে আছেন, এই সহায়তার মাধ্যমেই তা প্রমাণ হয়। আমরা চাই যারা এরকম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদেরকে নিয়েই আমরা উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাই। আমরা ২০৪১ সালের মধ্যে স্বপ্ন দেখছি উন্নত দেশে পরিণত হবো। তা হবে সকলকে নিয়ে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে এই সহায়তা দেয়া হচ্ছে উৎসাহ দেয়ার জন্য। এখন তোমাদের কাজ হচ্ছে ভাল করে পড়া-শুনা করতে হবে এবং দেশের সকল মেধাবিদের সাথে প্রতিযোগিতা দিয়ে এগিয়ে যেতে হবে। তোমরা কোন গোষ্ঠীর এই ধরণে চিন্তা-ভাবনা করা যাবে না। মনে রাখতে হবে আমি পিছিয়ে থাকবো না, অন্য সকল মেধাবি ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করে ভালো স্থানে প্রতিষ্ঠিত হবো। এই প্রতিযোগিতার মনোভাব নিয়ে তোমাদের তৈরী হতে হবে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, উপজেলা প্রোগ্রামার মো. হারুনুর রশিদসহ সংস্থার নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার কম্পিউটার প্রশিক্ষণ বিভাগের পরিচালক মো. তানভীর হোসেন।

অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার পক্ষ থেকে প্রধান অতিথি, সংস্থার সভাপতি ও কম্পিউটার প্রশিক্ষক সম্মননা স্মারক প্রদান করেন। এছাড়াও ত্রিপুরা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মননা স্মারক প্রদান করেন।

আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ২৪৭জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপবৃত্তির ৩ লাখ টাকা, ৩শ’ জন শিক্ষার্থীকে ১ লাখ ৯০ হাজার টাকার শিক্ষা উপকরণ ও ২০ জন ছাত্রী এবং ১০ ছাত্রকে ৩০টি বাই সাইকেল প্রদান করেন।

Loading

শেয়ার করুন: