নিজস্ব প্রতিবেদক:
তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন ও সনাক-চাঁদপুরের আয়োজনে ২ দিনব্যাপী তথ্য মেলা গত ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার সমাপ্তি হয়। দুপুর ১:৩০ টায় শুরু হয়ে অত্যন্ত চমৎকার বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে মেলা শেষ হয় রাত ১০টায়।
এবারের মেলায় ৩১টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তথ্যসেবা প্রদান করে। এছাড়াও চাঁদপুরের ১০টি স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ পর্যায়ক্রমে মেলা পরিদর্শন ও দুর্নীতিবিরোধী কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
মেলায় সনাকের স্টলে এসে প্রায় ৬ শতাধিক জনসাধারণ চাঁদপুরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য ফরম পূরণের মাধ্যমে তথ্য প্রাপ্তির আবেদন করে এবং মেলায় অংশগ্রহণকারী বেশ কিছু প্রতিষ্ঠান তাৎক্ষণিক আবেদনে উল্লেখিত চাহিদার পরিপ্রেক্ষিতে সেবা প্রদান করে।
এছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি স্টল থেকে প্রায় ৮ শতাধিক জনসাধারণকে হাতে কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ সম্পর্কে ধারণা প্রদান করে এবং প্রায় ১২ শতাধিক সাধারণ জনগণকে বিভিন্ন ধরণের সেবা প্রদান করে।
সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপ্রধান অতিরিক্ত জেলা প্রশসাক (সার্বিক) এসএম জাকারিয়া বলেন, সাধারণ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য তথ্য অধিকার আইন খুবই গুরুত্বপূর্ণ। তথ্য মেলা ২০২০ অত্যন্ত চমৎকার ও বর্ণিল আয়োজনের মাধ্যমে শেষ হতে যাচ্ছে। তথ্য অধিকারের গুরুত্ব বিবেচনা করেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য অধিকার আইন পাশ করে। ২০০৯ সালে তথ্য অধিকার আইন হলেও এখনো অনেকেই এ আইন সম্পর্কে তেমন জানেন না। এখন সরকারি প্রতিটি প্রতিষ্ঠান স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশ করছে। এখন সরকারি যেকোন দপ্তরের তথ্য অনলাইনে পাওয়া যাচ্ছে। সরকার এখন যেকোন তথ্য পেতে একটি হটলাইনও চালু করেছে। ৩৩৩ এই হটলাইনে ফোন করলে প্রয়োজনীয় যেকোন তথ্য পাওয়া যাবে।
তিনি আরও বলেন, জনগণকে আরও বেশি সচেতন হতে হবে। ই-সির্টিজেনের ধারণাগুলো সাধারণ জনগণকে জানাতে হবে। তিনি তথ্য মেলা আয়োজনের জন্য সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান। তিনি এসময় তিনি মানুষজনকে তথ্য জানার প্রতি গুরুত্ব দেয়ার জন্যে বিশেষভাবে আহ্বান জানান।
তথ্য মেলা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত।
সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ, ফাতেমা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন ,চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী , চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ ।
যেসকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী উপ-পরিদর্শক মোঃ আশরাফ আলী ও মৈশাদী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুন নাহার।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাকের সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, সনাকের সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক ও শাহানারা বেগম।
সনাকের বিশেষ উদ্যোগের আওতায় কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ ইলিয়াছ, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ডাঃ সাজেদা পলিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, সদর ও ডাঃ সাবেরা ইসলাম, সিনিয়র মেডিকেল অফিসার, ডায়াবেটিক হাসপাতাল, চাঁদপুর।
বিভিন্ন স্কুল কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এসময় আলোচনার উপর শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কুইজে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সনাকের বিশেষ উদ্যোগের আওতায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমার দপ্তরই তথ্য আইন সঠিকভাবে ও স্বচ্ছতার সাথে মানে এই বিষয়ের উপর বারোয়ারী বিতর্কে অংশগ্রহণ করেন করেন চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, পাসপোর্ট অফিসের সহকারী-পরিচালক মোঃ তাজ বিল্লাহ, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা।
ইয়েস গ্রুপের বিশেষ উদ্যোগের আওতায় দুর্নীতিবিরোধী কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে চাঁদপুর সরকারি মহিলা কলেজ,রেসিডেন্সিয়াল কলেজ,আল আমিন স্কুল এন্ড কলেজ,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ,হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, গণি মডেল উচ্চ বিদ্যালয়, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
জলবায়ু বিষয়ক ক্যাম্পেইন এর আওতায় আনন্দধ্বনি সংগীত বিদ্যায়তনের পরিবেশনায় একটি মনোজ্ঞ গণসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে তথ্য মেলার সফল সমাপ্তি হয়।
দুই দিনব্যাপী এ তথ্য মেলায় চাঁদপুরের সরকারি-বেসরকারি সেবাদানকারী ৩১টি প্রতিষ্ঠান তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী জনগণকে তথ্য প্রাপ্তির কৌশল সম্পর্কে পরামর্শ ও সহযোগিতা প্রদান করে। মেলায় আগত দর্শনাথীদের সরকারি বেসরকারি কোন কোন প্রতিষ্ঠান থেকে কীভাবে তথ্য পেতে পারেন সেজন্য তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ সম্পর্কে ধারনা প্রদান করা হয়।
তথ্য মেলা সুন্দর ও সফলভাবে শেষ করার জন্যে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের পক্ষ থেকে মেলায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানো হয়।
![]()