নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক, ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম. হারুন-অর-রশিদকে কুপিয়ে হত্যার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বালিথুবা বাজারের প্রধান সড়কে এই মানববন্ধনের আয়োজন করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ। স্থানীয় বিভিন্ন পেশা-শ্রেনীর বিপুল সংখ্যক মানুষ শান্তিপূর্ণভাবে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহার উদ্দিন বাবুল, ইউপি সদস্য আব্দুস সাত্তার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন টিটু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিন খান, জাহাঙ্গীর হোসেন ও জিয়াউল হক প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আলাউদ্দিন, ইউপি সদস্য আলী হারেছ মিজি, আবু ছাদেকসহ স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা ইউপি চেয়ারম্যান এর উপর হামলার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানিয়েছেন।
ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদকে ১৩ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ এর মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা থেকে নিজ এলাকায় যাওয়ার সময় উপজেলা সদরের মার্কেটন্টাইল ব্যাংকের সামনে প্রধান সড়কে দূর্বৃত্তরা তাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। একই সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় মহসিন তপাদার নামে যুবলীগের আরেক নেতা। পরে গুরুতর আহত চেয়ারম্যানকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় (১৪ ফেব্রুয়ারি) আহত ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের ছোট ভাই জাহিদুল ইসলাম ঝুটন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এখন পর্যন্ত ওই মামলায় একজন আসামী আটক হলেও বাকী আসামীরা প্রকাশ্যে ঘুরছে বলে বাদী পক্ষের অভিযোগ।
অপরদিকে আহত চেয়ারম্যান হারুন-অর-রশিদকে হাসপাতালে দেখতে গিয়েছেন বাংলাদেশ কৃষকলীগের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কৃষকলীগের পক্ষ থেকে এই ঘটনার লিখিত আকারে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। এছাড়াও চেয়ারম্যান শারিরীক অবস্থা ও তার চিকিৎসার খোঁজ খবর নিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতা কর্মী হাসপাতালে গিয়েছেন।
![]()