বিগত সময়ের তুলনায় লিগ্যাল এইডের কার্যক্রম আরও গতিশীল হয়েছে: জেলা ও দায়রা জজ

 

 

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা জজকোর্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শরাফ উদ্দিন আহমেদ।

সভাপতির বক্তব্যে তিনি জানান, চলতি জুন মাসে আইনগত সহায়তার জন্য ২৩টি নতুন আবেদন জমা পড়েছে। এসব মামলা ২৩ জন আইনজীবীর মধ্যে বণ্টন করা হয়েছে, তবে কয়েকজন আইনজীবী ২-৩টি করে মামলার দায়িত্বও পেয়েছেন।

সভায় জুন মাসের কার্যক্রমের রেজুলেশন উপস্থাপন করে জানানো হয়, এ সময়ে ১৫২ জনকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে। ১০টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ১২০টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ২১টি মামলা সফলভাবে নিষ্পত্তি হয়েছে। অন্যদিকে, অনুপস্থিতি ও নথিজনিত সমস্যার কারণে ৩২টি এবং আপোষ না হওয়ায় ৮টি, মোট ৬১টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এছাড়া এডিআর (অষঃবৎহধঃরাব উরংঢ়ঁঃব জবংড়ষঁঃরড়হ)-এর মাধ্যমে ১১ লাখ ৮০ হাজার টাকা আদায় করা হয়েছে।

জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) শরাফ উদ্দিন আহমেদ বলেন, বিগত সময়ের তুলনায় লিগ্যাল এইডের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। প্রচার-প্রচারণা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে লিগ্যাল এইডের প্রতি আস্থা ও বিশ্বাস বেড়েছে। ফলে অধিক সংখ্যক মানুষ এখন আইনগত সহায়তা নিতে লিগ্যাল এইডের দ্বারস্থ হচ্ছেন।

তিনি সদস্যদের উদ্দেশে বলেন, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধে জড়িয়ে থাকা অসহায়, দরিদ্র এবং আইনগত সহায়তা থেকে বঞ্চিত মানুষদের লিগ্যাল এইডের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আইনগত সহায়তা মানেই শুধু মুক্তি নয়, এটি মানুষের ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আইনের দৃষ্টিতে আসামিকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রত্যেক পক্ষের বক্তব্য শোনার সুযোগ থাকা অপরিহার্য।

এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক উজালা রানী চাকমা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী,চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল, জেলা কারাগারের সুপার শেখ জয়নাল আবেদীন ভূঁইয়া এবং অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার।
লিগ্যাল এইড কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত কোহিনুর আক্তার, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল, চাঁদপুর জেলা জনশক্তি কর্মসংস্থান কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, উপজেলা সমন্বয়কারী সগির আহমেদ সরকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, অ্যাডভোকেট বিধু ভূষণ নাথ এবং সাংবাদিক এড:চৌধুরী ইয়াছিন ইকরাম। সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ আব্দুল আলীম।

 

Loading

শেয়ার করুন: