চাঁদপুর-কুমিল্লা সড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

মো. মহিউদ্দীন :

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচো এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বানিয়াচো পাটোয়ারী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ড্রামট্রাকের মালিক ও চালক আব্দুল ওহাব (৪৫), বাসচালক কামাল (৪০) এবং বাসের সুপারভাইজার শোভন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আল-আরাফা এক্সপ্রেস বাসটির সঙ্গে কুমিল্লাগামী বালুবোঝাই একটি ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়দের ধারণা, আহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ এবং শাহরাস্তি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় আঞ্জুমা বেগম (৫০), লিমন (২০) ও শহীদ উল্লাহ (৬০) নামে তিনজনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আরও ১২ জন আহতকে সরাসরি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়কে বেপরোয়া গতিতে ড্রামট্রাক চলাচলের প্রতিবাদে সড়ক অবরোধ করেন। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ঘটনাস্থলে গিয়ে ড্রামট্রাক চলাচল নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

পরে বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মহাসড়কে ড্রামট্রাক চলাচল নিষিদ্ধসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

Loading

শেয়ার করুন: