ফারুক হোসেন
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মতলব উত্তর উপজেলা শ্রমিক দল ও ছেংগারচর পৌর শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ছেংগারচর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানার সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু বলেন, আওয়ামী লীগ ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সময়ে বিরোধী রাজনৈতিক মত ও সাধারণ মানুষের ওপর যে অন্যায়-অবিচার, নির্যাতন ও জুলুম চালিয়েছে, তার কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছিল। পরবর্তীতে দীর্ঘ ২৫ বছর অপেক্ষার পর তারা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসে।
তিনি বলেন, এরপরও আওয়ামী লীগ দীর্ঘ প্রায় ১৫ বছর ক্ষমতায় থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর মামলা, হামলা, গ্রেপ্তার ও নির্যাতন চালিয়েছে বলে আমরা মনে করি। একই সঙ্গে গুম, মানবাধিকার লঙ্ঘন এবং সাধারণ মানুষ ও ছাত্র-জনতার ওপর নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগও রয়েছে। এসব ঘটনার কারণে দেশের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
খায়রুল হাসান বেনু আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্রকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন টিকে থাকতে পারে না। জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আবার ক্ষমতায় আসার স্বপ্ন বাস্তবায়ন করা সহজ হবে না। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে হলে ১২৫ বছর অপেক্ষা করতে হবে। জনগণ তাদের অতীত কর্মকাণ্ডের মূল্যায়ন করবে এবং দেশের মানুষই ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করবে।
দেশের মানুষ শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীল পরিবেশ চায়। পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিল দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান।
বক্তারা বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা।
এ সময় মতলব উত্তর উপজেলা শ্রমিক দল ও ছেংগারচর পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।