হাজীগঞ্জে নতুন ইউনিয়ন গঠন

 

হাসান মাহমুদ :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে নতুন একটি ইউনিয়ন গঠন এবং দুটি ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে চাঁদপুর জেলা প্রশাসনের কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর হাজীগঞ্জ সদর ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে নতুন ১৩ নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। একই সঙ্গে অবশিষ্ট অংশ নিয়ে ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়ন এবং ৫ নম্বর হাজীগঞ্জ সদর ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নবগঠিত ১৩ নম্বর অলিপুর ইউনিয়নে ৯টি সাধারণ ওয়ার্ড রাখা হয়েছে। ইউনিয়নটির মোট আয়তন ৮ দশমিক ৮০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ১৪ হাজার ৩০১ জন।
অন্যদিকে পুনর্গঠিত ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডে মোট আয়তন ১৪ দশমিক ৬২ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৩০ হাজার ১৫৯ জন।
আর পুনর্গঠিত ৫ নম্বর হাজীগঞ্জ সদর ইউনিয়নের আয়তন ৮ দশমিক ৮০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ১৪ হাজার ৩০১ জন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রশাসনিক সুবিধা, জনগণের সেবা সহজলভ্য করা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করার লক্ষ্যে এসব পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন ও পুনর্গঠিত ইউনিয়নগুলোর সীমানাও প্রজ্ঞাপনে নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এদিকে হাজীগঞ্জে নতুন ইউনিয়ন গঠন ও দুটি ইউনিয়ন পুনর্গঠনের খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক এ পরিবর্তনের ফলে স্থানীয় পর্যায়ে সরকারি সেবা প্রদান আরও সহজ ও কার্যকর হবে। সবাই চাঁদপুর -৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি: মমিনুল হককে অভিনন্দন জানিয়েছেন।

 

Loading

শেয়ার করুন: