বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন

জসিম উদ্দিন,ফরিদগঞ্জ :

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে শফিকুর রহমানের বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বনানীতে নিজের বাসভবনে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন মুহম্মদ শফিকুর রহমান। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

মুহম্মদ শফিকুর রহমান ১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী আবদুল হামিদ এবং মা আয়েশা খাতুন। ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন শফিকুর রহমান। ১৯৬৫ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যোগ দেন তিনি। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এই বীর মুক্তিযোদ্ধা।

১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। স্বাধীনতার পর পত্রিকাটিতে যোগ দিয়ে দীর্ঘ ৩২ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে অবসরের পর বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন তিনি।

সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে তিনি জাপান, জার্মানি ও যুক্তরাজ্যে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে সাংবাদিকতা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ২০১৬ থেকে ২০১৭ এবং ২০১৭ থেকে ২০১৮ মেয়াদে টানা দুইবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন।

সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন মুহম্মদ শফিকুর রহমান। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৩ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত জাতীয় সংসদে ফরিদগঞ্জের প্রতিনিধিত্ব করেন তিনি।

আগামী কাল সোমবার মরহুমের জানাজা ফরিদগঞ্জের বালিথুবা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মেয়ে আমেরিকা থেকে আজ রোববার দেশে আসার কথা রয়েছে। এরপর জানাজার সময়সূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন: