হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে ৮ জন আটক, ৩ জনের কারাদণ্ড

 

হাইমচর প্রতিনিধি

হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রি ও ধরার অভিযোগে পৃথক দুটি অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। এ সময় ১৫৩ কেজি ৫০০ গ্রাম ইলিশ মাছ এবং প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ অক্টোবর) হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালার কাসেমুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের নেতৃত্বে প্রথম অভিযান পরিচালিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়। এ সময় প্রায় ১১৮ কেজি ৫০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়।

উপজেলা টাস্কফোর্স কমিটির কার্যক্রমের আওতায় পরিচালিত এ অভিযানে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম, উপজেলা প্রশাসন, হাইমচর থানা পুলিশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন। জব্দ করা ইলিশ ১২টি এতিমখানায় বিতরণ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, একই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত অপর এক অভিযানে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে আরও ছয়জনকে আটক করা হয়। এ সময় প্রায় ৩৫ কেজি ইলিশ মাছ ও প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দ করা ইলিশ চারটি এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়। আটক ছয়জনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়। বাকি তিনজনকে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মা ইলিশের প্রজনন রক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

শেয়ার করুন: