স্টাফ রিপোর্টার :
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২০২৭-২৮ কার্যকালের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমিরদের তালিকা প্রকাশ করা হয়। ২০২৭-২৮ কার্যকালের জন্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী পুনরায় জেলা আমির নির্বাচিত হয়েছেন। এবার জেলার ১৫’শ জন রোকন সরাসরি ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। এতে চাঁদপুর জেলা শাখার আমির হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
এর আগে ২০২৫-২৬ কার্যকালের জন্য তিনি প্রথমবার জেলা আমির নির্বাচিত হন। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী ১৯৮০সালে ফরিদগঞ্জ নোয়াপাড়া দাখিল মাদরাসা থেকে দাখিল পাস করেন। ১৯৮২ ও ৮৪সালে লতিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল পাস করেন, ১৯৮৬ সালে ফরিদগঞ্জ মাজিদিয়া কামিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে কামিল পাস করেন এবং ১৯৮৮ সালে চাঁদপুর সরকারী কলেজ থেকে ডিগ্রি পাস করেন।