সাংবাদিকদের জবাবদিহিতা ও দায়বদ্ধতা বেড়েছে, তাই সংবাদ পরিবেশনে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে: এমপি মানিক

 

বিশেষ প্রতিনিধি :

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক দুই দিনের সাংবাদিকতা প্রশিক্ষণ শেষ হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর প্রেস ক্লাবের তৃতীয় তলাস্থ মিলনায়তনে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার। প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্য এমপি মানিক বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন ঘটে। বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সাংবাদিকতার ক্ষেত্রে দায়বদ্ধতা ও জবাবদিহি অনেক বেড়েছে। একটি সংবাদ প্রকাশের পরপরই পাঠক ও সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কোনো সংবাদে মিথ্যা বা ভুল তথ্য পরিবেশিত হলে তাৎক্ষণিকভাবে এর নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।

তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে ইতিবাচক প্রচারণার অনেক সুযোগ রয়েছে। তবে নেতিবাচক বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রেও সাংবাদিকদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐক্যবদ্ধ প্রেস ক্লাব। চাঁদপুর প্রেস ক্লাব বাংলাদেশের জন্য একটি মডেল। এই ঐক্য ও সুনাম আমাদের ধরে রাখতে হবে। এত বড় পরিসরে সাংবাদিকদের একত্রিত করে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় চাঁদপুর প্রেস ক্লাব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এই প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী। যুগের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী সাংবাদিকতা চর্চা করতে হবে। পেশাগত জীবনে দক্ষতা ও ক্যারিয়ারের উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়ন করতে হয়। যারা পেশাদার সাংবাদিকতা করছেন, তাঁদের এ ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আমি আশা করি।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান, বিদেশি বিশেষজ্ঞ অধ্যাপক ড. গ্রেগ সাইমনস।

প্রশিক্ষনের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক মেহরাবুল হক এবং প্রভাষক তানভীর আহমেদ।  অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।

পরে প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং বিশেষ অতিথি চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদারের হাতে ক্রেস্ট তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। পরে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক সহ অতিথিবৃন্দ।

কর্মশালায় সমাপনী পর্বে অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, এ এইচ এম আহসান উল্লাহ, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি শওকত আলী, চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াছিন ইকরাম, তালহা জুবায়ের প্রমুখ।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে চাঁদপুর জেলার আট উপজেলার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ১৪৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন: