উন্নয়নের ক্ষেত্রে দলীয় বিভাজন নয়, সবাই আমার উপজেলার মানুষ: এমপি এম এ হান্নান

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ হান্নান বলেছেন, “আমি কাজ আনবো, কিন্তু ঠিকাদারদের কোনো ধরনের নয়ছয় সহ্য করা হবে না। উন্নয়ন কাজে গাফিলতি বা সময়ক্ষেপণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

শনিবার (১১ এপ্রিল ২০২৬) ফরিদগঞ্জ আদর্শ একাডেমিতে আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং একাধিক সড়কের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদগঞ্জবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাই তাদের প্রত্যাশা পূরণে আগামী পাঁচ বছর পরিকল্পিত ও অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবো। উন্নয়নের ক্ষেত্রে কোনো দলীয় বিভাজন নয়—আমার কাছে সবাই সমান, সবাই আমার উপজেলার মানুষ।”

এমপি হান্নান আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময় উন্নয়ন কাজ কিছুটা থমকে থাকলেও আমি ব্যক্তিগত উদ্যোগে প্রায় ২০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প এনেছি। এখন দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছি। ইতোমধ্যে শিক্ষামন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমি জানি কীভাবে উন্নয়ন কাজ আনতে হয়। তবে কাজ এনে যদি ঠিকাদাররা অনিয়ম করে, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে মাদ্রাসার ট্রাস্টি বোর্ডের অঙ্গসংগঠন আল-আমিন সোসাইটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির বিল্লাল হোসেন মিয়াজী, উপজেলা জামায়াতের আমির ইউনুছ হেলাল, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন এবং পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী। স্বাগত বক্তব্য দেন আদর্শ একাডেমির প্রধান শিক্ষক হারুনুর রশিদ।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

Loading

শেয়ার করুন: