মতলব দক্ষিণে যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সন্ত্রাসী কর্মকান্ড, নাশকতা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। রোববার দুপুরে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলুল করিম সেলিম, উপজেলা পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ সাগর, মতলব পৌর যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মিন্টু প্রধান, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মো. কাউসার হোসেন ও মো. অলি উল্লাহ।
মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) অখিল সরকার বলেন, নাশকতা, সন্ত্রাসী কর্মকান্ড ও অরাজকতা সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে আজ দুপুরে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
শেয়ার করুন: