ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে লাকী আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লাকী আক্তার ওই গ্রামের মো. নুরুন্নবীর স্ত্রী এবং দুই সন্তানের জননী।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১০ বছর আগে লাকী আক্তারের সঙ্গে নুরুন্নবীর বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। নুরুন্নবী বাকপ্রতিবন্ধী। পরিবারের দাবি, আর্থিক সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি তাদের সংসারে পারিবারিক কলহ চলছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, পারিবারিক বিরোধ নিয়ে লাকী আক্তারের লিখিত অভিযোগের পর ইউনিয়ন পরিষদ, থানা ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা বিভিন্ন সময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছেন। সর্বশেষ শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় বলে তিনি জানান।
তিনি আরো বলেন, রোববার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় লাকী আক্তারের শিশু কন্যা ঘরের ভেতরে তার মাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাকী আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।