নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদাবাজি, দখলদারী,ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ, মতলব উত্তর এবং হাজীগঞ্জ উপজেলার বিএনপির ৩ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
তারা হলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ভুঁইয়া এবং চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান লস্কর এবং হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী।
গত ২৯ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওই পত্রে উল্লেখ রয়েছে, চাঁদাবাজি,দখলদারী,ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে এই তিন নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিবৃতিতে এ বিষয়ে বলা হয়েছে, দলের বৃহৎ স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলকে সুসংগঠিত রাখার জন্য এবং দলীয় বিশৃংখলা এড়াতে এ সিদ্ধান্ত কার্যকর ভুমিকা রাখবে।
![]()