চাঁদপুরে ৯১৭৮ আনসার সদস্য মোতায়েন করা হবে

 

 

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চাঁদপুর জেলার উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার (পরিচালক) মোহা. মাহবুবুর রহমান। তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ৩ জন অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে একজন আনসার সদস্য প্রিজাইডিং অফিসারের জন্য নির্দিষ্ট থাকবেন।
তিনি আরও বলেন,আমরা এমন একটি নির্বাচনের মুখোমুখি হয়েছি, যা বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, জালভোট প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করাই আপনাদের মূল দায়িত্ব।
রেঞ্জ কমান্ডার জানান, দীর্ঘ যাচাই-বাছাই শেষে আনসার বাহিনীর ডিজিটাল এফস এর মাধ্যমে সদস্যদের নির্বাচন করা হয়েছে। এবারই প্রথম আনসার সদস্যদের ডিজিটাল তথ্য ডাটা ব্যাজে সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, আপনারা সবাই যোগ্য, সৎ ও দক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও তিনি জানান, এবার সফটওয়্যার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা হবে। যদি কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে তাৎক্ষণিক আপনারা এ্যাপসে গিয়ে ঐ এলাকার নাম ঠিকানা দিয়ে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার ব্যাবস্থা রয়েছে।
ভোটকেন্দ্রে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে আনসার সদস্যরা সক্রিয় ভূমিকা রাখবেন—এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সারা বিশ্ব আজ বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তাই এই নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, আজ থেকে আগামী ৮ দিনের জন্য প্রতিদিন ১ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা সম্মানী প্রদান করা হবে। এছাড়া উপস্থিতির জন্য যাতায়াত খরচও প্রদান করা হবে। সকল অর্থ সদস্যদের নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে এবং এখানে কোনো মধ্যস্বত্বভোগী নেই বলেও তিনি উল্লেখ করেন।
জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর জেলার মোট ৭০৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৯,১৭৮ জন আনসার সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সফটওয়্যারে ৯,৪৮০ জনকে কনফার্ম করা হয়েছে। প্রতি ভোটকেন্দ্রে মোট ১৩ জন করে আনসার সদস্য থাকবেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ ৩ জন করে দায়িত্ব পালন করবেন।
উপজেলা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী
চাঁদপুর সদর উপজেলা: ভোটকেন্দ্র ১৩৩টি, মোতায়েনযোগ্য জনবল ১,২৭৯ জন, কনফার্ম ১,২০০ জন, হাজিগঞ্জ: ভোটকেন্দ্র ৯০টি, জনবল ১,১৭০ জন,কনফার্ম ১,৩১৫ জন, শাহরাস্তি: ভোটকেন্দ্র ৬৮টি, জনবল ৮৮৪ জন, কনফার্ম ৯২৪ জন, কচুয়া: ভোটকেন্দ্র ১১০টি, জনবল ১,৪৩০ জন, কনফার্ম ১,৫৭০ জন, মতলব উত্তর: ভোটকেন্দ্র ৯৮টি, জনবল ১,২৭৪ জন, কনফার্ম ১,৩৯৮ জন, মতলব দক্ষিণ: ভোটকেন্দ্র ৫৭টি, জনবল ৭৪১ জন, কনফার্ম ৮৪৪ জন, ফরিদগঞ্জ: ভোটকেন্দ্র ১১৮টি, জনবল ১,৫৩৪ জন, কনফার্ম ১,৭৭২ জন, হাইমচর: ভোটকেন্দ্র ৩২টি, জনবল ৪১৬ জন, কনফার্ম ৪৫৭ জন।
চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, নির্বাচনকালীন সময়ে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে সদস্যদের একে অপরের সঙ্গে পরিচিত করা, সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন।
সমাবেশে কুমিল্লা রেঞ্জ কমান্ডার জানান, নির্বাচনে মোতায়েনযোগ্য সকল আনসার সদস্যই প্রশিক্ষণপ্রাপ্ত। বক্তব্য শেষে তিনি আনসার সদস্যদের সমাবেশস্থল পরিদর্শন করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডার মু: ফজলে রাব্বি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

Loading

শেয়ার করুন: