জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

 

আরেফিন সুমন ॥

চাঁদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমরা আপনাদের একটা মাথা ব্যাথার কারন দূর করতে সক্ষম হয়েছি। সেটা হলো হাজীগঞ্জ বাজারের যানজট নিরসন করতে পেরেছি। বিশেষ করি রাস্তার উপরে যে বাজার বসে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করেছি। সংস্কার করে আমরা যানজট কমাতে পেরেছি। তার দ্বারা ঢাকা কিংবা কুমিল্লার যাত্রীদের অনেকাংশে দূর্ভোগ কমে আসবে বলে আমার বিশ্বাস। এজন্য প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ যারা এই কাজ বাস্তবায়নে অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা করেছেন। বালু উত্তোলন রোধেও আমাদের জেলা পুলিশ ও নৌ পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। আগে যেমন অবাধে বালু উত্তোলন করা হতো এখন আর সেরকম দেখা বা শোনা যায় না। কিছু কিছু অবৈধ ব্যবসায়ী আছে যাদের ধরতে গেলেই গা ঢাকা দেয়। আমরা তাদের আইনের আওতায় এনে দন্ড দিতে বদ্ধপরিকর। আর আমাদের সমাজে মাদকের গ্রহণ ও সেবন করে এইরকম অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে। এই কারণে এখন নারী নির্যাতনের পরিমানও বাড়ছে। মাদকের জন্য টাকা না পেয়ে নিজের স্ত্রী, বোন এদের অত্যাচার করা হচ্ছে। আমি এই বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি।

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। এই সময় নির্বাচনে অসাধু উপায়ে যে কেউ হস্তক্ষেপ করলে সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো আপনারা অবৈধ, দেশী বিদেশী অস্ত্র উদ্ধারে সচেষ্ট হবেন এবং তার জন্য জোরদার অভিযান শুরু করবেন। যেহেতু আমাদের সাথে নৌ পথে চট্টগ্রাম, কক্সবাজারের সাথে একটা যোগাযোগ আছে সেহেতু নৌ পুলিশকেও আমি সজাগ থাকার অনুরোধ করছি।সকল নাগরিকদের নিরাপত্তা আমাদের কাম্য। উচ্ছেদের ব্যাপারে বলি। উচ্ছেদ শুধু ঢালাওভাবে করলেই হবে না, খেটে খাওয়া মানুষের কথাও মাথায় রাখতে হবে। রাস্তার পাশে যেসব অবৈধ দোকান বা স্থাপনা আছে আপনারা সেসবের প্রতি নজর দিবেন। আমরা চেষ্টা করবো মুন্সীগঞ্জ-চাঁদপুরের যে সীমানা বিরোধ আছে তা একটা সিদ্ধান্তে আসার। আর তাতে করে যারা বালু উত্তোলন করে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে একটা চিঠি দিবো।

তিনি আরও বলেন, আপনারা জেনে থাকবেন যে সরকার বাংলাদেশের রাস্তা থেকে বিশ বছরের চেয়ে পুরোনো যানবাহন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। এটা শুরু হওয়ার পর আমরা ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানে নামবো। আমি বিআরটিকে অনুরোধ করবো জেলার রাস্তাঘাট, লোকসংখ্যা হিসেব করে আপনারা লাইসেন্স দেন। অযথা কাউকে লাইসেন্স দিয়ে বিতর্ক সৃষ্টি করবেন না। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বলবো আপনি যখনই অভিযানে যাবেন তখন আমাদের কর্মকর্তাদের যোগ করেন। আর ছাত্র বা যুবক বয়সীদের সাথে আলাপ করলে হবে না, রিক্সাওয়ালা, দিনমজুরদের আপনি নিয়ে কিভাবে বসতে পারেন সেটা চিন্তা করেন। রাস্তায় রাস্তায় মাদকবিরোধী ব্যানার টানান। এতে সাধারণ জনগন উপকৃত হবে। আমাদের এই জেলায় অনেকবছর যাবত চোরাচালান বিরোধী অভিযান হয় না। এই বিষয়ে আমাদের বড় বড় বাজারগুলোকে নজরদারীর আওতায় আনা খুব জরুরী। আমি এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং এ নিয়ে একটি টাস্কফোর্স গঠন করে অভিযান করতে বলেছি। আর এসপি মহোদয়কে পাশে রেখেই বলছি আপনারা নারী ও শিশু নির্যাতনের অভিযোগ গুলো খুব সাধারণভাবে নিবেন না। কেউই নির্যাতনের মাত্রা না বাড়া পর্যন্ত পুলিশের কাছে যায় না। প্রকাশ্যে অভিযোগ আনতে চায় না।

পারিবারিকভাবে তারা মিটিয়ে ফেলে। এ মিটানোর ফলেই আমাদের দেশের পুরুষরা আরো নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলাফল হচ্ছে অনেক গৃহবধূ বা মেয়েরা আত্নহত্যার পথ বেছে নেয়। আমি এসব গুরুত্ব দেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানাচ্ছি। বাস ও সিএনজি ভাড়া নিয়ে আমরা খুব শীঘ্রই বসবো। কুমিল্লা হাইওয়ে সড়কে রিক্সা আর টমটমের আধিক্য অনেক। হাইওয়েতে যাতে এসব যান চলাচল করে সেজন্য আমি সেনাবাহিনীসহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করছি। আসুন চাঁদপুর জেলাকে একটি নিরাপদ, বাসযোগ্য জেলা হিসেবে রুপান্তরিত করি।

সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রকিব (পিপিএম), নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমাম, বাংলাদেশ সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার মেজর শাফিউর, জেলা সিভিল সার্জন ডা. নূরে আলম দ্বীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, জেলা জামায়াতের আমীর বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার (চাঁদপুর অঞ্চল) লেফটেন্যান্ট কমান্ডার আহসান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মো: ইকবালুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ জাকির হুসাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাসিমা আক্তার, জেলা মৎস অধিদপ্তরের সহকারি পরিদর্শক প্রিয়াংকা সাহাসহ জেলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Loading

শেয়ার করুন: