মেঘনা বার্তা ডেস্ক ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সালেহ শিবলীকে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় গত শনিবার (৩ জানুয়ারি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে প্রেস সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নিয়োগ পাওয়া সালেহ শিবলী দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সাংবাদিকতা জীবন শুরু হয় দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে তিনি কাজ করেছেন দৈনিক মানব জমিন, বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), রেডিও টুডে, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে।
তার গ্রামে বাড়ী চাঁদপুরের ফরিদগঞ্জে। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সালেহ শিবলী ছাত্রজীবন থেকেই সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে পড়াশোনা করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় স্বল্পকালীন সময়ের জন্য ফার্স্ট সেক্রেটারি (প্রেস) বা প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (কেএফএডব্লিউ) প্রকাশিত ম্যাগাজিন ‘এশিয়ান ব্রিজ’-এ বাংলাদেশের নারীর ক্ষমতায়ন নিয়ে একাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে।
প্রবাসজীবনে লন্ডনের বাংলাভাষী টেলিভিশন ‘চ্যানেল এস’-এ তিনি নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি গণমাধ্যম ও প্রশাসন বিষয়ে পিএইচডি ডিগ্রিও অর্জন করেছেন।
বর্তমানে তিনি অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান সিডনি পলিসি অ্যান্ড এনালাইসিস সেন্টার (ঝচঅঈ)-এর নন-রেসিডেন্ট ফেলো হিসেবে কাজ করছেন।
![]()