মতলব উত্তর প্রতিনিধি ॥
চাঁদপুরের মতলব উত্তরে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। শনিবার দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেরার ফরাজীকান্দি ইউনিয়নের বালুচর এলাকায় গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী।
স্থানীয়রা জানান, শনিবার এক শিশু নদীর পাড় থেকে গ্রেনেডটি পেয়ে সেটি নিয়ে খেলাধুলা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে। ধারণা করছেন, গ্রেনেডটি অনেক পুরোনো।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, স্থানীয়রা গ্রেনেডটির খবর পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হলে ঘটনাস্থলে থেকে পুলিশ ও সেনা সদস্যরা এসে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
চাঁদপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে গ্রেনেড উদ্ধার করেছে। ইতোমধ্যে বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। আগামীকাল গ্রেনেডটি বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে নিষ্ক্রিয় করা হবে।
![]()