সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

 

 

মেঘনা বার্তা রিপোর্ট :

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্লা সেলিম। তিনি বলেন, জিএম ফজলুল হক বার্ধক্যজনিত রোগে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

জিএম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডি গ্রামে ১৯৪৭ সালে ১০ মে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়েসহ বহু রাজনৈতিক সহযোদ্ধা, আত্মীয়, বন্ধু রেখে গেছেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩( সদরের অংশ এবং মতলব দক্ষিণ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির কাছে পরাজিত হন। একবার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত হাসিখুশি স্বভাবের মানুষ ছিলেন।

তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ক্রমান্বয়ে তিনি রাজনীতিতে চলে আসেন। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ছিলেন।
জিএম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্লা সেলিমসহ চাঁদপুরের সকল এমপি শোক প্রকাশ করেছেন।

মরহুম এমপির প্রথম নামাজে জানাজা বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে জানাজা হবে তার নিজস্ব টাইলস ফ্যাক্টরি গাজীপুরে। বৃহস্পতিবার বেলা ১১ টায় চাঁদপুর শহরের বাবুরহাট হাই স্কুল মাঠে ৩য় জানাজা অনুষ্ঠিত হবে।

Loading

শেয়ার করুন: