হাজীগঞ্জে সুরমা পরিবহনের বাস বন্ধ

 

 

বিশেষ প্রতিনিধি :

হাজীগঞ্জে পুনরায় সুরমা পরিবহনের বাস বন্ধ করে দিয়েছে আল আরাফাহ এক্সপ্রেসের শ্রমিক নেতৃবৃন্দ।

বুধবার (৬ মে ) সুরমা পরিবহনের শ্রমিক কমিটি কচুয়ার সুরমা কাউন্টারে এক জরুরি প্রতিবাদ সভার আয়োজন করে জানান, বৃহস্পতিবারের মধ্যে হাজীগঞ্জে আটককৃত সুরমা পরিবহনের বাস ছেড়ে না দিলে আল আরাফাহ এক্সপ্রেসের বিরুদ্ধে কচুয়ার সুরমা পরিবহন শ্রমিকগণ কঠোর আন্দোলনে যাবে।

শ্রমিক নেতৃবৃন্দ জানান, ৩০ এপ্রিল ২০২৬ থেকে হাজীগঞ্জের সুরমা কাউন্টার বন্ধ করে দিয়েছে আল আরাফাহ এক্সপ্রেসের শ্রমিক নেতৃবৃন্দ। এর প্রেক্ষিতে কচুয়ার সুরমা পরিবহনের শ্রমিক নেতৃবৃন্দ মঙ্গলবার (৫ মে ২০২৬) কচুয়ার চক্রা এলাকায় ঢাকাগামী আল আরাফাহ এক্সপ্রেসের বাস আটকে দেয়। পরে চাঁদপুরের পুলিশ সুপারের হস্তক্ষেপে উভয় পরিবহনের মালিক ও শ্রমিকগণ আটককৃত পরিবহনের বাস ছেড়ে দেয়। শর্ত থাকে যে, সড়কে চলাচলের জন্যে রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকলেই সড়কে বাস চলাচল করবে।

সুরমা পরিবহনের শ্রমিকগণ জানান, পুলিশ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বুধবার (৬ মে ২০২৬) হাজীগঞ্জ কাউন্টার থেকে সুরমা পরিবহনের বাস চালাতে গেলে আল আরাফাহ এক্সপ্রেসের শ্রমিকগণ সুরমা পরিবহনের বাস পুনরায় বন্ধ করে দেয়। এতে করে যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। তাই আটককৃত বাস ছেড়ে দিয়ে নিয়ম-নীতি মেনে সড়কে বাস চলাচল শুরু করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সুরমা পরিবহনের শ্রমিক নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন: