অনলাইনে ইলিশ প্রতারণার সাথে ব্যবসায়ীদের সম্পর্ক নেই

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুরের যৌথ আয়োজনে ইলিশের মূল্য বৃদ্ধি ও অনলাইনে প্রতারণা রোধে করণীয় বিষয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর কার্যালয় ও মৎস্য অফিসের আয়োজনে সোমবার (১৭ আগস্ট) বিকালে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ ঘাট সংলগ্ন চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অনলাইনে ইলিশ মাছ বিক্রয়ের নামে প্রতারণা রোধে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন।

এসময় বক্তরা বলেন, অনলাইনে ইলিশ প্রতারণার সাথে চাঁদপুরের কোন ব্যবসায়ীর সম্পর্ক নেই। চাঁদপুর জেলার বাইরে বিভিন্ন স্থানে বসে কিছু অসাধু লোক একজনের ভিডিও ডাউনলোড করে নিজেদের ফেসবুক পেইজ বা আইডিতে প্রচারণা চালিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। টাকা নিয়ে মাছ ডেলিভারি দিচ্ছে না। টাকা নেওয়ার পর ভোক্তার নম্বর ব্লক বা নিজেদের নম্বর বন্ধ করে দিচ্ছে। এ ধরনের প্রতারণা রোধে সচেতনতার বিকল্প নেই।

সভায় বক্তরা আরও বলেন, গ্রাহকদের ক্যাশ অন ডেলিভারিতে মাছ কেনার অর্থাৎ মাছ বুঝে পাওয়ার পর টাকা পরিশোধ করবেন। সস্তায় মাছ কেনার আগে বাজার দর যাচাই-বাছাই করতে হবে। প্রতারিত হলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করতে হবে।

ইতোমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন ব্যবসায়ীদের নিবন্ধনের আওতায় আনার চেষ্টা চলমান রয়েছে। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির উদ্যোগে ও অনলাইন মাছ ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। এসকল বৈধ অনলাইন মাছ ব্যবসায়ীদের তালিকা ব্যাপক প্রচারের উদ্যোগ নেয়া হচ্ছে। ইলিশের মূল্য নিয়ন্ত্রণে আনতে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। বাজারে ইলিশ মাছের সরবরাহ বৃদ্ধি পেলে দাম অনেকাংশে হ্রাস পাবে। কেউ যদি কোন অনিয়ম করে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ হতে সকল ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা,যৌক্তিক মূল্যে মাছ বিক্রয়, নষ্ট পঁচা মাছ বিক্রি না করা এবং ওজনে কম দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

সভায় চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদারের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি জনাব সোহেল রুশদী, চাঁদপুর সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, জেলা নিরাপদ খাদ্য অফিসার ফয়েজ জালাল উদ্দিন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা ক্যাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুর রহমান, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত সরকার প্রমুখ।

Loading

শেয়ার করুন: