অসুস্থ সমাজকে পরিবর্তন করতে হলে প্রিয়নবীর আদর্শের দিকে ফিরে যেতে হবে : শায়খ সাইফুল আজম আজহারী

নিজস্ব প্রতিনিধি :

বিশিষ্ট গবেষক ও মোটিভেশনাল স্পিকার শায়খ সাইফুল আজম বাবর আজহারী তরুণ সমাজকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের দর্শনকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে সময়ের চাহিদা অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তরুণ ও যুব সমাজের প্রতি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এই আহ্বান জানান।

শায়খ সাইফুল আজম বাবর আজহারী আগামীর সমাজ এবং পরিবারকে ভয়াবহ এক পরিস্থিতি মোকাবেলা করতে হবে উল্লেখ করে বলেন, পুরো সোসাইটি এক অজানা গন্তব্যের দিকে এগুচ্ছে। সমাজে অস্থিরতা বাড়ছে, মানসিক অসুস্থতা বাড়ছে। বিত্তবৈভবের মধ্যে শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে কেনো এই পৃথিবীতে পাঠালেন, সেই লক্ষ্য থেকে আমরা সরে গিয়েছি। আমরা আদর্শ থেকে সরে গিয়েছি। আমরা আমাদের ঐতিহ্য ভুলে গিয়েছি। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর সাহাবা, সুফিয়ায়ে কেরাম যে দর্শন, আদর্শ আমাদের দিয়ে গিয়েছেন, তা থেকে আমরা বহু দূর সরে গিয়েছি। যে কারণে বিত্তবৈভবের মাঝেও দেখছি অশান্তি এবং হতাশা। আর এই অসুস্থ, হতাশাগ্রস্ত এবং অস্থির সমাজকে পরিবর্তন করতে হলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পুতপবিত্র জীবনাদর্শের দিকেই আমাদের ফিরে আসতেই হবে। এর বিকল্প অন্য কিছু নাই।

তিনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে চল্লিশ বছর সোসাইটিকে অবজার্ভ করেছেন। সোসাইটির উপর নিজের অবস্থানকে নিরঙ্কুশ করেছেন, সুপ্রতিষ্ঠিত করেছেন। পুরো আরবের জাহেলি এবং লাহাবী সোসাইটি এক বাক্যে আমার নবীকে আল-আমিন বলে স্বীকৃতি দিয়েছে। চরম শত্রুও আমার নবীর কাছে তার আমানত গচ্ছিত রেখেছে এই বিশ্বাসে যে, এখানে বিন্দু পরিমাণ খিয়ানত হবে না। চল্লিশ বছর সোসাইটিকে অবজার্ভ করার পর আমার নবী সোসাইটির মাঝে দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন। এরপর ২৩ বছরের তাঁর দ্বীনের দাওয়াতী কার্যক্রমে ইসলাম প্রতিষ্ঠিত হয়। আজ সায়েন্টিফিক এবং তথ্য প্রযুক্তির যুগে এসেও সকল গবেষণাই বলছে আমাদের ফিরে যেতে হবে আমার নবীর আদর্শের দিকে। তরুণ প্রজন্মকে সেভাবেই প্রস্তুত করতে হবে।

শনিবার (৩ অক্টোবর ) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শায়খ সাইফুল আজম বাবর আজহারী।

সভাপতিত্ব করেন যুবসেনার জেলা সভাপতি নবাব খান। পরিচালনা করেন যুবসেনার জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদরুদ্দোজা ও মাওলানা নোমান আহমেদ।

অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী, প্রেসিডিয়াম সদস্য আল্লামা জাকারিয়া মাদানী, ফরিদগঞ্জ সন্তোষপুর দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ আবদুল করিমসহ বিভিন্ন দরবারের পীর মাশায়েখ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, মুফতি ফজলুল কাদের বাগদাদী, পীরজাদা মাওলানা খাজা জোবায়ের, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঘনিয়া সাঈদিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা বজলুল হক আখন্দ, মাওলানা আল-আমিন আজহারী, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজ উল্লাহ ইউসুফী প্রমুখ।

 

সেমিনারে অংশগ্রহণ করেছেন বিভিন্ন মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকগণ। সবশেষে মিলাদ কিয়াম ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য রাখছেন শায়খ সাইফুল আজম বাবর আজহারী।

শেয়ার করুন: