মেঘনা বার্তা ডেস্ক।।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন,বেপর্দা নারীদের দিয়ে মিছিল মিটিং করায় এরা কেমন ইসলামিক দল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে বাংলাদেশ মুজাহিদ কমিটি হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ওয়াজ ও মাহফিলে তিনি বক্তব্য দেন।
মাহফিলে দেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, মানুষের অধিকার, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং সমাজে ন্যায় ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে চরমোনাই পীর বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’ তাঁর এ মন্তব্যকে ঘিরে মাহফিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়।
তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানুষের সচেতনতা বাড়াতে হবে। ব্যক্তি ও সামাজিক জীবনে সততা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের চর্চা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
ইসলামী পরিচয়ে পরিচালিত রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে, বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি বলেন, একজন মুসলমান মিথ্যা বলতে পারে না। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও ধর্মীয় আদর্শের প্রতিফলন থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এ সময় দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও লুটতরাজসহ বিভিন্ন অনাচারের সমালোচনা করেন চরমোনাই পীর। মানুষের অধিকার রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
মাহফিলে হাজীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির নেতাকর্মীরা অংশ নেন। সন্ধ্যার পর থেকেই ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
আয়োজকদের ভাষ্য, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং ইসলামী আদর্শের আলোকে সমাজ গঠনের লক্ষ্যেই এ মাহফিলের আয়োজন করা হয়েছে।