উচ্ছেদের খবরে বাবুরহাটে শতাধিক দোকানঘর সরিয়ে নিল ব্যবসায়ীরা

মেঘনা বার্তা ডেস্ক ॥

চাঁদপুরে সড়কের পাশের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ হওয়ার খবর জেনে নিজ উদ্যোগে সরিয়ে নিল ব্যবসায়ীরা।

শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকেই পৌরসভা বাবুরহাট এলাকায় জেলা পরিষদ ও সড়ক ও জনপথ (সওজ) সড়ক বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদের খবর ব্যবসায়ীরা জানতে পারে। এরপর থেকেই ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালপত্র ও স্থাপনা সরিয়ে নিতে শুরু করে।

স্থানীয়দের সাথে আলাপ করে জানাগেছে, এসব ব্যবসা প্রতিষ্ঠানের কারণে বেশ কয়েকবছর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক ও বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন এবং সাধারণ পথচারী রাস্তা পারাপারে খুবই ঝুঁকির মধ্যে ছিলো। যে কারণে সরকারের দুটি দপ্তর উচ্ছেদের উদ্যোগ নেয়।

এ ব্যাপারে চায়ের দোকানদার আলমগীর শেখ বলেন, আমাদেরকে প্রশাসনিক মৌখিকভাবে বলে গেছে দু’দিনের মধ্যে দোকান এবং মালামাল সরিয়ে নেওয়ার জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমরা নিজ উদ্যোগে দোকান এবং মালামাল সরিয়ে নিচ্ছি।

আরেক ব্যবসায়ী মোঃ আল আমিন জানান সড়ক ও জনপদের লোকেরা বলে গেছে আমাদের নিজ দায়িত্বে মালামাল দোকান সরে নেওয়ার জন্য তা না হলে সব ভেঙ্গে ফেলবে। ক্ষয়ক্ষতি হওয়া চাইতে নিজ দায়িত্বে সব নিয়ে যাচ্ছি।

চাঁদপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী বলেন, বাবুরহাট এলাকায় সড়কের জায়গায় যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো সরিয়ে নেয়ার জন্য ব্যবসায়ীদের নোটিশ দেয়া হয়েছে। তারা সদর আর্মি ক্যাম্পে আবেদন করে একদিন সময় চেয়েছে। সেনাবাহিনী বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেন। জেলা প্রশাসক একদিন সময় দেয়ার সম্মতি দিয়েছেন। এর মধ্যে তারা এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে সড়ক বিভাগ জরিমানাসহ উচ্ছেদ অভিযান চালাবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, সড়ক বিভাগ ও জেলা পরিষদের জায়গায় লীজকৃত যে সকল স্থাপনা ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। গত চার মাস আগে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে স্থাপনা সারানোর নির্দেশনা দেয়া হয়েছিল। পর্যায়ক্রমে এই সড়কের অন্যস্থানে উচ্ছেদ হবে।
এদিন সকাল থেকেই বাবুরহাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

গত বছর ২০২৪ সালে জেলা পরিষদ অবৈধ দোকান উচ্ছেদ অভিযান করেছে।দোকানপাট ভেঙ্গে দেওয়া হয়। কয়েকদিন না যেতে সেই সব জায়গা পুনরায় দখল করে দোকান তোলে ব্যবসা-বাণিজ্য করছে।

শেয়ার করুন: