স্টাফ রিপোর্টার
টানা বৃষ্টিপাতের ফলে চাঁদপুর পৌর এলাকার ১২১ নং উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আবারও দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। দীর্ঘদিনের এই সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী। মাদ্রাসা রোড ও লঞ্চঘাট এলাকার ড্রেনেজ ব্যবস্থার চরম অব্যবস্থাপনার কারণে সামান্য বৃষ্টিতেই থমকে যাচ্ছে এখানকার স্বাভাবিক কার্যক্রম।
স্থানীয় ও বিদ্যালয় সূত্র জানায়, মাঠের এই দুরবস্থা নতুন কিছু নয়; বিগত স্বৈরাচারী সরকারের আমল থেকেই এই বিদ্যালয়ে স্থায়ী জলাবদ্ধতার সমস্যা চলে আসছে। সম্প্রতি টানা বৃষ্টিতে পানি জমে ক্লাসে যাতায়াত ব্যাহত হলে শিক্ষার্থীরা এবং স্থানীয়রা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
বিষয়টি নজরে আসার পরপরই চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক স্থানীয় পৌরসভাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে ড্রেন পরিচ্ছন্নতার কাজ শুরু করা হলেও তা সমস্যার স্থায়ী সমাধান বয়ে আনতে পারেনি। পৌরসভা সূত্রে জানা গেছে, উক্ত এলাকার ড্রেনেজ ও সংস্কারমূলক প্রকল্পের সিংহভাগ কাজ বিআইডব্লিউটিএ (ইওডঞঅ)-এর বরাদ্দকৃত প্রকল্পের আওতাধীন। তবে অভিযোগ উঠেছে, রহস্যজনক কারণে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ড্রেন নির্মাণের মূল কাজটি দীর্ঘদিন ধরে স্থগিত রেখে দিয়েছে। তারা ঠিক কবে নাগাদ কাজ পুনরায় শুরু করবে, সে বিষয়েও মেলেনি কোনো স্পষ্ট ব্যাখ্যা।
বর্তমানে পানি নিষ্কাশনের মুল মুখে অত্যন্ত সংকীর্ণ (চিকন) একটি পাইপ বসানো রয়েছে, যা দিয়ে এত বড় মাঠের পানি অপসারণ কোনোভাবেই সম্ভব হচ্ছে না। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের মতে, রাস্তাটি সাময়িকভাবে কেটে সংকীর্ণ পাইপটি অপসারণ করে ড্রেনের মুখ প্রশস্ত করে দিলে সাময়িকভাবে হলেও জলাবদ্ধতার অবসান ঘটানো সম্ভব।
এ বিষয়ে ভুক্তভোগী অভিভাবক, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম ও এলাকাবাসী সকলে মিলে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদের প্রশাসক সলিমুল্ল্যাহ সেলিমসহ পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে অনতিবিলম্বে বিআইডব্লিউটিএ এই স্থগিত কাজ পুনরায় শুরু করে কোমলমতি শিশুদের চলাচলের পথ সুগম করবে।
![]()