নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে শহরের বিভিন্ন স্থানে বড়ো বড়ো গাছ ও ডালপালা ভেঙ্গে সড়কের ওপর পড়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে কয়েক ঘণ্টা শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে দেখা যায়।
এদিকে ঝড়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় গাছ পড়ে গেলে মো. হেলাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
জানা যায়, সোমবার (২৫ মে ২০২৬) দুপুর ২টার দিকে ঝড়ের কারণে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় একের পর এক গাছ ভেঙ্গে পড়ে। শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কোণের একটি বিশাল রেইন্ট্রি (কড়ই) গাছ উপড়ে পড়ে যায়। এছাড়া মিশন রোডে মিশন স্কুল সংলগ্ন খ্রিস্টান সম্প্রদায়ের দেয়ালের ভেতরের একটি বড়ো রেইন্ট্রি গাছও ভেঙ্গে পড়ে। শহরের আরও বিভিন্ন এলাকায় বড়ো বড়ো ডালপালা সড়কের ওপর পড়ে গিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এদিকে চান্দ্রা চৌরাস্তা এলাকায় প্রবল ঝড়ের সময় একটি বড়ো গাছ ভেঙ্গে চলন্ত সিএনজির ওপর পড়ে। এতে গুরুতর আহত হন যাত্রী হেলাল হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় শহরের কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায়। কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি ও সংযোগ লাইনেরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
খবর পেয়ে প্রবল বৃষ্টি উপেক্ষা করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশের নেতৃত্বে সংগঠনের সদস্যরা শহরের হাসান আলী মাঠের কাছে ছুটে যান। তারা দ্রুত ভেঙ্গে পড়া গাছ ও ডালপালা কেটে সড়ক থেকে গাছটি অপসারণ করেন। এতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, ঝুঁকিপূর্ণ পুরোনো গাছগুলো দ্রুত ছাঁটাই বা অপসারণ না করলে ভবিষ্যতে আরও বড়ো দুর্ঘটনা ঘটতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।
![]()