হাজীগঞ্জ প্রতিনিধি ॥
চাঁদপুরের হাজীগঞ্জে কিটনাশক পানের এক সপ্তাহ পর আহত নারী মোছা. মৌসুমি আক্তার মারা গেছেন। শনিবার বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি পৌরসভাধীন ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের বকশো আলী বেপারী বাড়ির মো. ইসমাঈল বেপারীর স্ত্রী।
জানা গেছে, এদিন বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৌসুমি। প্রায় একযুগ পূর্বে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিবাহের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহ লেগে আছে। একপর্যায়ে গত ২৬ জুলাই, শনিবার বিকালে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মৌসুমি।
পরবর্তীতে স্বামী ইসমাইল হোসেন ও আশপাশের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থা অধিক খারাপ থাকায় চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয় এবং সেখানেও কোন উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ২ আগস্ট, শনিবার বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, মৌসুমী আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
![]()