কৃষিজমির টপসয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা, ৩ ড্রেজার অকেজো

মো. মহিউদ্দীন:
চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে কৃষিজমির টপসয়েল ও মাটি উত্তোলনের দায়ে ড্রেজারের মালিক পক্ষকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান  করেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তিনটি ড্রেজার অকেজো করা হয়েছে এবং অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান  পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
আদালত সূত্র জানায়, কৃষিজমির টপসয়েল কেটে মাটি উত্তোলনের অপরাধে ড্রেজার মালিক পক্ষের প্রতিনিধি মো. রাজু (২২), সাং-রায়শ্রী উত্তরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে মনোহরপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার অকেজো করা হয়। এছাড়া নরিংপুর এলাকা থেকে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
অভিযান পরিচালনা কালে  সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন: