জসিম উদ্দিন :
চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবু(৭১)কে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি অভিযুক্তের দোকানের সামনে খেলছিল। এ সময় চকলেট খাওয়ানোর কথা বলে তাকে দোকানের ভেতরে ডেকে নেয়।
পরে দোকানের শার্টার বন্ধ করে শিশুটির ওপর পাশবিক যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানা বুধবার রাতে বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ্ বলেন, অভিযুক্তকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনার শিকার শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর পাঠানো হয়েছে।