মো. মহিউদ্দীন:
চাঁদপুরের শাহরাস্তিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত মাদ্রাসাশিক্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিয়মিত আমিনুল ইসলামের বাসায় আরবি পড়তে যেত। আরবি পড়ানোর সুযোগে মাঝেমধ্যে আমিনুল ইসলাম শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ এবং তার শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করতেন।
সোমবার সকালে একই ধরনের ঘটনার পর শিশুটি বিদ্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহারের নজরে এলে তিনি শিশুটির কাছে জানতে চান। পরে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি শিক্ষিকাকে জানায়।
শিক্ষিকা বিষয়টি শিশুটির পরিবারকে অবহিত করেন। পরে পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনকে জানানো হলে তিনি শাহরাস্তি মডেল থানাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ বিদ্যালয় ও পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুটির বক্তব্য নেয় এবং অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
পরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি জামালিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।
ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন দাবি করেন, আমিনুল ইসলাম জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এ বিষয়ে দলীয় বা সাংগঠনিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার পর পুলিশ গুরুত্বের সঙ্গে দ্রুত ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।