চাঁদপুরে জুলাই শহীদদের পরিবারের মাঝে সম্মাননা স্মারক প্রদান

 

 

নিজস্ব প্রতিবেদক :

জুলাই বিপ্লবের চেতনা আনবো মোরা, নতুন দিনের ঘোষণা—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ছাত্র শক্তি চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে পরিচিতি সভা ও জুলাই শহীদদের পরিবারের মাঝে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

জাতীয় ছাত্র শক্তি চাঁদপুর জেলার আহ্বায়ক সাগর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আগত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। বক্তব্যের শুরুতেই তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শহিদ পরিবারের পিতা-মাতা ও স্বজনদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের বাস্তবতা ও ৫ আগস্টের ঘটনাপ্রবাহ পৃথিবীর ইতিহাসে বিরল। শত বছরে এমন আন্দোলন আমি দেখিনি। তিনি আরও বলেন, জুলাই আন্দোলন না হলে হয়তো আজ আমি এখানে থাকতাম না—কি হতো সেটাও অজানা।

আগামী দিনে একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শহিদদের নামের সঙ্গে তাদের কর্মের সুরক্ষা নিশ্চিত করা, পরিবারগুলোর চিকিৎসা ও পুনর্বাসনে আন্তরিক সহযোগিতা জরুরি। শহিদ পরিবারের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জানান,চাঁদপুর জেলায় মোট ৩১টি শহিদ পরিবার রয়েছে এবং তাদের পাশে চাঁদপুর প্রেসক্লাব সবসময় থাকবে। গণমাধ্যমের মাধ্যমে শহিদ পরিবারের চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জাতীয় ছাত্র শক্তির সংগঠক মোঃ মারুফ ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিয়াম হোসেন।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, শহিদ আবুল হোসেন মিজি-র স্ত্রী, শহিদ সাজ্জাদ হোসেন-এর পিতা মোঃ জসিম রাজা, শহিদ সিয়াম-এর পিতা সোহাগ সর্দার, অভিভাবকদের পক্ষ থেকে ফারহানা আক্তার, চাঁদপুর জেলা ছাত্র শক্তির যুগ্ম আহ্বায়ক তাজনূর জাহান নুহা।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহিদদের পরিবার ও আহত বিপ্লবীদের সম্মানে- শহিদ সিয়াম সর্দারের পিতা সোহাগ সর্দার, শহিদ সাজ্জাদ হোসেন এর পিতা জসিম রাজা, আবুল হোসেন মিজির সহধর্মিণী ও শহিদ শাহাদাত হোসেন এর পিতা খলিলুর রহমান’কেসহ ৫ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়া জাতীয় ছাত্র শক্তি চাঁদপুর জেলা কমিটির পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ-কে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জাতীয় ছাত্র শক্তির চাঁদপুর জেলা কমিটির নেতৃবৃন্দ, সদস্যগণ এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর জেলা ছাত্র শক্তির সদস্য সচিব সাকিব হোসাইন। অনুষ্ঠান শেষে চাঁদপুর জেলা ছাত্র শক্তি কমিটির নেতৃবৃন্দসহ সকলেই ফটোসেশনে যুক্ত হন।

 

Loading

শেয়ার করুন: