চাঁদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় নকলের অভিযোগে আটক- ৩

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (২০ জুন) নিয়োগ পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শূন্য পদে জনবল নিয়োগ পরীক্ষায় মোট ৯৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল করার সময় হাতেনাতে আটক করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আটক পরীক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে কলেজ গেট সংলগ্ন ‘মা কম্পিউটার’ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। সেখানে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের নকল করতে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়।

যাচাই-বাছাই শেষে আটক তিনজনের মধ্যে দুইজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাদের প্রত্যেককে ২০০ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপর একজনকে প্রাথমিক তদন্ত শেষে ছেড়ে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থী হলেন হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকার মো. হাবিবুর রহমান (৩২), পিতা- মো. মাসুদ আলম।

এছাড়া কেন্দ্রের বাইরে থেকে নকলের কাজে সহযোগিতার অভিযোগে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন হাজীগঞ্জ উপজেলার মহেশপুর এলাকার মো. রিয়াদুল ইসলাম (২৮), পিতা- জয়নাল আবেদিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত ছিল।

Loading

শেয়ার করুন: