মেঘনা বার্তা ডেস্ক :
চাঁদপুরে এক ডিজিটাল ভিক্ষুকের সন্ধান পাওয়া গেছে। তার নাম শাহীন বেপারী। বাসা চাঁদপুর শহরের পুরান বাজার ম্যার্কাটিস রোডের দেওয়ান আবুল খায়ের বাড়িতে। তিনি দুদিন আগে (২২ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক চাঁদপুর শাখায় ডিজিটাল দানবাক্স নামে একটি একাউন্ট খুলেছেন।
ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসাইন বলেন, লোকটা প্রতিবন্ধী। ঠিকমতো কথা বলতে পারে না। তাই সে আমাদের শাখায় “ডিজিটাল দানবাক্স” নামে হিসাব চালু করেছে। যাতে লোকজন সহজেই কিউআর কোর্ডের মাধ্যমে তার একাউন্টে সাহায্য পাঠাতে পারে। আজ দেখলাম তার হিসেবে ইতিমধ্যে ৩ জন ব্যক্তি ৬৮ টাকা দান করেছে।
তিনি আরও বলেন, এই হতদরিদ্র ব্যক্তি তোতলিয়ে কথা বলতে চান। প্রায় সময়ই আমাদের ব্যাংকের সামনে তাকে দেখা যায়। তার ভাষা আন্দাজ করে বুঝে নিতে হয় সাধারণভাবে তার ভাষা বুঝা যায় না। এখন থেকে তিনি ডিজিটাল এবং ম্যানুয়াল দুইভাবেই ভিক্ষা করবেন। ব্যাংকের ব্যবস্থাপক আরও বলেন, তার ব্যাংক হিসাবটি আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিয়েছি। আমাদের কেউ কেউ তাকে তাৎক্ষণিক আর্থিক সাহায্য করেছে।
শাহীন বেপারীর সাথে সরাসরি কথা বলতে চাইলে তাও সম্ভব হয়নি। কারণ, তিনি কী বলছেন এবং কী বুঝাতে চাচ্ছেন তা সঠিক বুঝতে পারিনি।
চাঁদপুর শহরের মীর শপিং মার্কেটের এক ব্যবসায়ী বলেন, এই ভিক্ষুক অত্যন্ত চতুর। তিনি আমাদের থেকে এক ধাপ এগিয়ে আছেন। আমরা এখনো সাহস করে ডিজিটাল লেনদেন করি না। অথচ সে ভিক্ষুক ইতিমধ্যে অনলাইনে চলে গেছে।