চাঁদপুরে দুই প্রতিষ্ঠানে পাসের হার শূণ্য, একটি ভোকেশনালে শতভাগ সাফল্য

 

মেঘনা বার্তা ডেস্ক

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার( ৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে চাঁদপুর জেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অপরদিকে শাহরাস্তি উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান ভোকেশনাল শাখায় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে।

ফলাফল অনুযায়ী, মতলব দক্ষিণ উপজেলার ড. এম শামসুল হক মডেল কলেজ এবং চাঁদপুর সদর উপজেলার পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। দুটি প্রতিষ্ঠানের এমন ফলাফল জেলার শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

অন্যদিকে, শাহরাস্তি উপজেলার চিতৌষী ডিগ্রি কলেজের ভোকেশনাল শাখা সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটির ভোকেশনাল শাখা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৪ জন শিক্ষার্থীর সবাই পাস করে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে।

এ বিষয়ে চাঁদপুরের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হয়েছে, সেগুলোর বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত আসবে। আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। শিক্ষাকে আরও মানসম্পন্ন ও আধুনিক পর্যায়ে নিয়ে যেতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

শেয়ার করুন: