সংবাদ দাতা
চাঁদপুরে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে অনলাইনে প্রতারণার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, অভিযানে সিমকার্ডসহ আটটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ নিয়ে চক্রটির মোট ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া থানার বাসিন্দা মো. সুমন ভূঁইয়া, মো. সাইফুল ইসলাম মামুন ও অনিক অধিকারী।
পুলিশ জানায়, চক্রটি ভুয়া ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন প্রচার করত। পরে ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়ে পণ্য সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করত।
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলা পুলিশের এলআইসি ও ডিবির যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নড়াইলের কালিয়া এলাকায় অভিযান চালিয়ে গত ১৪ ও ১৫ অক্টোবর তাদের গ্রেপ্তার করে। শনিবার (১৭ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় পৃথক দুটি মামলা রয়েছে। মামলাগুলো তদন্তাধীন এবং অনলাইন প্রতারণা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।