হাইমচর অফিস
চাঁদপুরের হাইমচর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেছেন, হাইমচরের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মা ইলিশ রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় হাইমচর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মা ইলিশ রক্ষায় চলমান অভিযান প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, অভিযানে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ করা যাবে না। যারা এ ধরনের আচরণ করবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে সরকারি আইন ও নীতিমালা মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হবে। এ বিষয়ে জনপ্রতিনিধিদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উদ্যোগী হলে নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের নদীতে মাছ ধরতে নামা প্রতিরোধ করা সম্ভব।
শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। পূজাকে কেন্দ্র করে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। ভালো চিকিৎসাসেবা পেলে রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে প্রতিষ্ঠানের সুনাম করেন। তাই চিকিৎসার মান বজায় রাখার পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিক হতে হবে।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হাইমচরে বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। উপজেলায় নিজস্ব গ্রিড না থাকায় চাঁদপুর গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য সবাইকে সৌরবিদ্যুৎ ব্যবহারে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি উপজেলায় সারের কোনো ঘাটতি নেই বলেও উল্লেখ করেন।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুন নবী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মো. নাসিম উজ জামান, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মহসীন মিয়া, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার শাহীন আহমেদ, সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এ সময় ২ নম্বর উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিক পাটওয়ারী, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন সবুজ, হাইমচর ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস সরকার, চরভৈরবী ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ জোবায়ের শিমুল এবং নীলকমল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির হোসেন সিকদার উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বেদারুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানিক বিশ্বাস, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুনছুর আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।