চাঁদপুরে প্রথম আলোর সংবর্ধনায় ৫ শতাধিককৃতী শিক্ষার্থীর মিলনমেলা

 

 

বিশেষ প্রতিনিধি :

প্রচণ্ড গরম আর তীব্র বৃষ্টির বাঁধা উপেক্ষা করে চাঁদপুরে বসেছিল জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলা। প্রথম আলো-শিখো’র আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ চমৎকার ফলাফল করা শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। তবে শহরের নতুন বাজার এলাকার রাজবাড়ী কমিউনিটি সেন্টারে আয়োজিত এ উৎসবের মূল আকর্ষণ হয়ে উঠেছিল চার জোড়া যমজ শিক্ষার্থীর যৌথ উপস্থিতি।

চাঁদপুর জেলা থেকে এবার মোট সাত জোড়া যমজ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সংবর্ধনা মঞ্চে যখন তাদের মধ্যে চার জোড়া যমজকে একসঙ্গে ডেকে নেওয়া হয়, তখন পুরো মিলনায়তনে করতালির মুখরতা ছেয়ে যায়। সংবর্ধিত যমজদের মধ্যে দুই বোন তাসনুবা নুর বারাকাত (চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) এবং নাহিয়ান তাসনিম কারাকাত (কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ) পৃথক দুটি প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়ে বিশেষ নজর কেড়েছে।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাসনুবা বলে, “কলেজের প্রথম দিন, নবীনবরণ আর সংবর্ধনা সব মিলিয়ে আজকের দিনটি আমাদের জন্য অন্য রকম এক আনন্দের।”

জানা যায়, চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৮০০ জন শিক্ষার্থী সংবর্ধনার জন্য নিবন্ধন করেছিল। তার মধ্যে ৫০০র বেশি শিক্ষার্থী এবং শিক্ষক ও অভিভাবকের উপস্থিতিতে রাজবাড়ী কমিউনিটি সেন্টার কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. অধ্যাপক মো. ইকবালুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মমিনুল হক। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সভাপতি মাসুদ হাসান ও মাসুম পারভেজ।

অভিভাবকদের পক্ষে মো. সোলায়মান ও তানিয়া এবং শিক্ষার্থীদের পক্ষে আলিকা তাহসিন রাইসা ও সাজ্জাদ হোসাইন অনুভূতি প্রকাশ করেন।

চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. অধ্যাপক মো. ইকবালুর রহমান বলেন,আমি একজন অভিভাবক এবং শিক্ষক হিসেবে বলবো,একজন সন্তান ভাল ফলাফল করার পর তাকে সেটি ধরে রাখতে হবে। যাতে সব ক্ষেত্রে সে জিপিএ অর্জনে সক্ষম হন। অভিভাবক হিসেবে আমাদেরও সব সময় তার পাশে থাকতে হবে। তাহলে সে সব ক্ষেত্রে সফল হবে। তবে এ জন্য সেই শিক্ষার্থীকে রীতিমত ক্লাশ করতে হবে। বাসায় পড়তে হবে। মোবাইল থেকে দূরে থাকতে হবে।

অনুষ্ঠানে প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাদক, মুখস্থবিদ্যা ও মিথ্যাকে ‘না’ বলার শপথ পাঠ করান।

আইসক্রিমের স্বাদে ঢাকার শিল্পী অনিক সূত্রধর ও স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ গান এবং নাচের মধ্য দিয়ে শিক্ষার্থীদের এক আনন্দময় দিনের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন: