চাঁদপুরে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মূলক নৌপথসভা

 

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সচেতন করার লক্ষ্যে নৌপথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় জেলা টাস্কফোর্সের উদ্যোগে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অংশগ্রহণে এ নৌপথসভা অনুষ্ঠিত হয়।
নৌপথসভায় চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুর ইসলাম, চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদসহ কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রশাসনের কর্মকর্তারা নদীতে থাকা জেলে, মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং মা ইলিশ সংরক্ষণে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা সম্পর্কে তাদের অবহিত করেন। একই সঙ্গে নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রয়সহ সংশ্লিষ্ট আইন ও বিধিনিষেধ সম্পর্কে সচেতন করা হয়।

জেলেদের মধ্যে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিভিন্ন তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় কর্মকর্তারা মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে বা ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন: