নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী জিটি রোড উত্তর এলাকায় একটি আমগাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন ) সকাল ৯টার দিকে মরহুম সিরাজুল ইসলাম আখন্দের আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশটি পরিবারের কাছে হস্তান্তর করলে ওই দিন বিকেল ৫টায় জানাজাশেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা আমগাছে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুর রহমান গাজীকে বিষয়টি জানান। পরে তিনি পুলিশকে অবহিত করলে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
নিহত যুবক হলেন ওই এলাকার মো. আলমগীর বেপারীর বড়ো ছেলে আসিকুর রহমান রনি (২৯)। স্থানীয় বাসিন্দা মনির হোসেন ও আব্দুল কাদের বেপারী দাবি করেন, রনিকে মারধরের পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে এ দাবির সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
নিহতের বাবা আলমগীর বেপারী জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। চিকিৎসার জন্যে তাকে একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছিলো। গত ২২ জুন তাকে বাড়িতে আনা হয়। শনিবার রাতে রনি তার কাছে টাকা চাইলে তিনি দেননি। এতে রাগ করে রাত প্রায় ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন সকালে পরিবারের সদস্যরা খবর পান, রনির ঝুলন্ত মরদেহ আমগাছে রয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার এসআই আবদুর রশিদ জানান, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
![]()