চাঁদপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি:

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে তার নিজ জেলা চাঁদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পূর্বঘোষণা অনুযায়ী পরীক্ষার্থীরা রাস্তায় নেমে শহরের বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে। চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন এলাকায় চলমান তীব্র বন্যা পরিস্থিতি, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও জোরপূর্বক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এর ওপর পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবমাননাকর মন্তব্য করা হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনার স্থলে ছুটে আসেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির। এ সময় তারা ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে অবরোধ প্রত্যাহার করে রাস্তার একপাশে অবস্থান নেয়।

বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো ১. দেশের বিভিন্ন এলাকায় চলমান প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে; ২. বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী গত ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় বিশেষ পরীক্ষার ব্যবস্থা করতে হবে; ৩. পরীক্ষার্থীদের অবমাননা করার দায়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

 

Loading

শেয়ার করুন: