চাঁদপুর-কুমিল্লা সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা সদর থেকে শুরু করে কুমিল্লা লালমাই পর্যন্ত প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
রোববার (৩ মে) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করেন।

আমাদের বাবুরহাট প্রতিনিধি সাইম পাটওয়ারী জানান, অভিযানের প্রথমদিন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাবুরহাট এলাকায় ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সড়কের দুই পাশের বিভিন্ন অবৈধ দোকানপাট, সাইনবোর্ড ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়।

ওয়ারলেস বাজারের ব্যবসায়ী মো. ফেরদৌস জানান, এই জায়গা সড়কের। সড়কে এসে উচ্ছে অভিযান করলো। কিন্তু বহু বছর ধরে এই বাজার ইজারা দিয়ে আসছে চাঁদপুর পৌরসভা। ইজরাদার কবির খলিফা নিয়মিত খাজনা উঠাচ্ছে। এর আগে সড়ক বিভাগ থেকে এসব এলাকায় নোটিশ দেয়া হয় এবং অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়।

সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী বলেন, এটি নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ। আজকে জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে। জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত আঞ্চলিক সড়কের দুই পাশের ২৭০টি অবৈধ স্থপনা উচ্ছেদের আওতায় আনা হয়েছে।

তিনি আরো বলেন, উচ্ছেদের পর যেসব ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত তাদের একটি তালিকা করা হবে। তাদের বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, সড়কের দুই পাশে আমাদের কিছু নিয়মিত বাজার আছে, সেগুলো ইজারা হয়। এসব বাজারে হাটের দিন কৃষক ও সাধারণ মানুষ হাতে করে নিয়ে এসে বিভিন্ন জিনিস বিক্রি করে। তারা সড়কের জায়গা দখল করে না। কিন্তু কিছু ব্যবসায়ী আছে যারা অবৈধভাবে দোকান বসিয়ে নিয়মিত ব্যবসা করছে, তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

Loading

শেয়ার করুন: