স্টাফ রিপোর্টার :
চাঁদপুর পৌরসভায় প্রান্তিক জনগোষ্ঠীর আয়বৃদ্ধি, টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এলএমএসইউপিপি প্রকল্পের আওতায় এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আজকের আয়োজনটি অত্যন্ত সুন্দর । চাঁদপুর পৌরসভাকে এ কার্যক্রম বেছে নেওয়ায় জন্য ইউএনডিপিকে ধন্যবাদ জানাই। ইউএনডিপির কম্পিউটার, ফুড কার্ট ও সেলাই মেশিন বিতরণের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে এটাই প্রত্যাশা।
তিনি সুবিধাভোগীদের উদ্দেশে বলেন, আপনারা যদি এগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে সফল হতে পারেন, তাহলে আমরাও ইউএনডিপির কাছে গিয়ে আরও বেশি সহযোগিতা এবং বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করতে পারব। এর মাধ্যমে সমাজের অর্থনৈতিক চাকা আরও সচল হবে।
ফুড কার্ট ব্যবহারকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা এত সুন্দর ফুড কার্ট তৈরি করে দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। যারা এগুলো ব্যবহার করবেন, তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে অবশ্যই নজর রাখতে হবে। ফুড কার্টের আশপাশে যেন ময়লা-আবর্জনা জমে না থাকে। এ জন্য ব্যাগ বা ঝুড়ি ব্যবহার করতে হবে, যাতে সারাদিনের জমা ময়লা নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলে দেওয়া যায়।
তিনি বলেন, আপনারা এসব কাজ সুন্দরভাবে করলে এবং ইউএনডিপি কার্যক্রমগুলো তদারকি করলে আমরাও ইউএনডিপির কাছে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করতে পারব। এর মাধ্যমে সমাজের অর্থনৈতিক চাকা আরও সচল হবে।
শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, সরকার পরিবর্তন হলে সাধারণত অনেকেই মনে করেন, আগের কার্যক্রমে পরিবর্তন আসবে। কিন্তু ২০১৮ সালের প্রোগ্রাম ২০২৪ সালে রিভিউ করা হয়েছে। যারা তখন ছিলেন, তাদের অনেকেই এখনও এখানে রয়েছেন। অর্থাৎ সবকিছু পরিবর্তন হয়ে যায়নি।
তিনি বলেন, এই সরকারের ওপর জনগণের বিশ্বাস রাখতে হবে। কারণ এই সরকার সকল জনগণকে নিয়ে সমাজের পরিবর্তন করতে চায়। এটি তার একটি জ্বলন্ত উদাহরণ। যারা স্বচ্ছতার সঙ্গে সুবিধা পেয়েছেন, তাদের মনে রাখতে হবে—এই সরকার একটি জনগণের সরকার। যারা পাওয়ার যোগ্য, সরকার তাদের নিয়েই কাজ করবে। কারও পেছনের ব্যাকগ্রাউন্ড কী ছিল, তা না দেখে যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে জনগণের জন্য কাজ করাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন।
চাঁদপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও সদস্য সচিব সুজিত বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউএনডিপির প্রকল্প এনালিস্ট এস. এম. আবদুল্লাহ আল মামুন। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা ঈশিতা।
উল্লেখ্য, প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে সহায়তার লক্ষ্যে তিন ধরনের সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ৩৯ জনকে কম্পিউটার প্রশিক্ষণ ও কম্পিউটার প্রদান, ৪৬ জনকে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান এবং ৬৪টি ফুড কার্ট বিতরণ করা হয়।
![]()