চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দু সংসদ সদস্য

 

নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরবাসীর স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠান ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ (চাঁবিপ্রবি)-এর প্রশাসনিক কাঠামোকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে একটি বড়ো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোহা. জালাল উদ্দিন।

বুধবার (১৫ জুলাই ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এই নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির নীতিনির্ধারণী পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত হলো, যা জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এক অনন্য সংযোজন।

চাঁদপুর জেলায় বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার বাতিঘর হিসেবে বিবেচিত এই বিশ্ববিদ্যালয়টি নিয়ে পুরো জেলাবাসীর রয়েছে আকাশচুম্বী প্রত্যাশা। ২০২০ সালে বিশ্ববিদ্যালয় আইন পাসের মাধ্যমে প্রতিষ্ঠানটির আইনি ভিত্তি তৈরি হয়। স্থানীয় সংসদ সদস্যদের সিন্ডিকেট সদস্য হিসেবে অন্তর্ভুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় স্থানীয় অভিভাবকত্ব ও সমর্থন আরও সুসংহত হলো। আধুনিক ল্যাবরেটরি, বিশ্বমানের পাঠক্রম এবং গবেষণার সুযোগ সৃষ্টির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়টি অদূর ভবিষ্যতে পুরো দেশের মেধাবীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা। বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১৮(১)(গ) ধারা অনুযায়ী মাননীয় স্পিকার এই মনোনয়ন প্রদান করেছেন। নবনিযুক্ত এই জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে চাঁদপুরের শিক্ষা ও গবেষণার মান নতুন উচ্চতায় পৌঁছাবে—এমনটাই প্রত্যাশা করছেন সর্বস্তরের মানুষ।

 

Loading

শেয়ার করুন: