মাসুদ রানা ॥
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদে ও নির্বিঘ্নে যাত্রা নিশ্চিত করতে চাঁদপুর লঞ্চঘাট ও আশপাশের নদীপথে নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চলের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে মঙ্গলবার (৩ জুন) চাঁদপুর নৌ থানায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), লঞ্চ মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, সিএনজি ও অটোরিকশা মালিক সমিতি এবং হকার সমিতির নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, চাঁদপুর অঞ্চল এবং অফিসার ইনচার্জ, চাঁদপুর নৌ থানা।
মতবিনিময় সভায় লঞ্চ মালিক ও অন্যান্য পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা যাত্রী পরিবহন ব্যবস্থা ও নিরাপত্তা বিষয়ে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। প্রধান অতিথি মনোযোগসহকারে সেসব কথা শোনেন এবং ঈদযাত্রা নিরাপদ, সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব করতে একাধিক নির্দেশনা প্রদান করেন।
নির্দেশনাসমূহের মধ্যে রয়েছে:
১. লঞ্চ স্টাফরা আর পন্টুনে এসে যাত্রী ডাকবেন না, বরং লঞ্চের ভিতরে থেকেই ডাকবেন। ২. পন্টুন এলাকা সম্পূর্ণ হকারমুক্ত রাখতে হবে। ৩. সিএনজি, অটোরিকশা বা অন্য কোনো যানবাহনের চালক পন্টুনে প্রবেশ করতে পারবেন না। ৪. কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না। ৫. আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।৬. সিএনজি ও অটোরিকশা নির্ধারিত পার্কিং এলাকায় সারিবদ্ধভাবে দাঁড়াবে।৭. যাত্রী প্রবেশ পথে চালকদের অবস্থান নিষিদ্ধ। ৮. অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। ৯. যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ করা যাবে না। ১০. যাত্রী তুলতে কেউ পার্কিং এলাকা থেকে বাইরে যেতে পারবে না। ১১. যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যাত্রাপথে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, নজরদারি ও মনিটরিং কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি প্রতিটি ইউনিট থেকে একটি করে মোবাইল টিম মোতায়েন থাকবে।
নৌ পুলিশের এই উদ্যোগে যাত্রী সাধারণের স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। সবার সম্মিলিত সহযোগিতায় একটি নিরাপদ, সুশৃঙ্খল ও ভোগান্তিমুক্ত ঈদযাত্রা উপহার দিতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল সর্বদা প্রস্তুত।
![]()