নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর শহরের ট্রাকরোড সংলগ্ন গাজী সড়কে নিন্মমানের কাজের অভিযোগে রাস্তার ব্লকের কাজ বন্ধ করে দিলো স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে স্থানীয় এলাকাবাসী কাজ চলমান অবস্থায় বন্ধ করে দেয়।
স্থানীয়রা জানায়, চাঁদপুর পৌরসভার ১১ নং ও ১২ নং ওয়ার্ডের বাসিন্দারা এখানে বসবাস করেন। গাজী সড়কের একপাশ ১১নং ও অপর পাশ ১২ নং ওয়ার্ড। ট্রাকরোড থেকে শুরু করে গাজী সড়ক নদীর পাড় পর্যন্ত প্রায় ৩শ ফিট রাস্তা রয়েছে। এই এলাকার মানুষের চলাচলের ভৌগান্তি যেন পিছু ছাড়ে না। দীর্ঘদিন কাঁদা মাটি ও ময়লা পানি রাস্তায় উঠে চলাচলে সমস্যা হওয়ায় সাবেক মেয়র জিল্লুর রহমান জুয়েলের সময়ে ট্রাক রোড থেকে গাজী সড়ক নদীর পাড় পর্যন্ত একটি ড্রেন নির্মাণ করে দেন। ড্রেনটি রাস্তার মাঝখানে হওয়ায় ড্রেনের দু’পাশে খালি জায়গার জন্য ৩০০ মিটার ব্লক বসানোর কাজ গত কয়েকদিন আগে থেকে শুরু করে লাকী এন্টার প্রাইজ। মঙ্গলবার সকালে রাস্তার ব্লকের কাজ পরিবর্তন করে আরসিসি ঢালাই দেওয়ার দাবি করে স্থানীয়রা।
স্থানীয় শুক্কুর গাজী, সুমন গাজী ও সেলিম ঢালী বলেন, নিন্ম মানের কাজ হচ্ছে। এই ব্লকের কাজ হলে আমাদের ভৌগান্তি কমবে না, বরং বাড়বে। ভারী ট্রাক বা গাড়ি চলাচল করলে অনেকস্থানের ব্লকগুলো দেবে যাবে। আমরা এই ব্লকের কাজ চাই না। ব্লকের কাজ পরিবর্তন করে আরসিসি ঢালাই দিতে হবে।
লাকী এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মোঃ আবুল কালাম আজাদ বলেন, এটি একটা প্রকল্পের কাজ। যেভাবে কাজ করার কথা, ঠিক সেভাবেই কাজ করা হচ্ছে।
চাঁদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী দিলীপ কুমার জানান, নিন্মমানের কাজ হচ্ছে বলে স্থানীয়রা অবগত করেছেন। স্থানীয়দের অভিযোগের বিষয়টি তদারকি করে অনিয়ম পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
![]()