চান্দ্রা দরবার শরীফে দুই দিনব্যাপী ওরস মোবারক শুরু

 

ফরিদগঞ্জ প্রতিনিধি :

মাজার শরীফে গিলাফ জড়ানো ও জিয়ারতের মধ্য দিয়ে ফরিদগঞ্জের চান্দ্রা দরবার শরীফের মুজাদ্দেদে জামান আলা হযরত সৈয়দ মুহাম্মদ সাইফুল্লাহ নকশবন্দী (রহ.)-এর বেছাল শরীফ উপলক্ষে দুই দিনব্যাপী ৫২তম ইশায়াত সম্মেলন ও ১০ম বার্ষিক ওরসে আযম মোবারকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে আলা হযরত সৈয়দ মুহাম্মদ সাইফুল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী (রহ.)-এর মাজার শরীফে গিলাফ জড়ানো ও জিয়ারতের মাধ্যমে ওরসের কার্যক্রম আরম্ভ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারতের দরবারে আলিয়া খানকায়ে এনায়েতিয়ার সাজ্জাদানশীন আল্লামা হাফেজ আতিকুল্লাহ খান নকশবন্দী মুজাদ্দেদী এনায়েতী এবং চান্দ্রা দরবার শরীফের গদ্দিনীশীন পীর ড. এস. এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দী।

এর আগে দুপুরে দরবার শরীফের শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া মুজাদ্দেদীয়া সাইফিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশন করেন। বাদ আসর বিভিন্ন আলেম ধর্মীয় আলোচনা পেশ করেন। পরে বাদ মাগরিব ভারতের ও চান্দ্রা দরবার শরীফের পীরদ্বয় খতমে খাজেগান শরীফ পরিচালনা করেন। এ সময় দরবারের অসংখ্য ভক্ত-আশেকান উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও ৩ ও ৪ আগস্ট চান্দ্রা দরবার শরীফ প্রাঙ্গণে মুজাদ্দেদে জামান আলা হযরত সৈয়দ মুহাম্মদ সাইফুল্লাহ নকশবন্দী (রা.)-এর বেছাল শরীফ উপলক্ষে দুই দিনব্যাপী ৫২তম ইশায়াত সম্মেলন ও ১০ম বার্ষিক ওরসে আযম মোবারক অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশবরেণ্য আলেম-ওলামারা ওয়াজ-নসিহত পেশ করবেন। আগামীকাল ৪ আগস্ট ওরসে আযম মোবারকের দ্বিতীয় দিন। মঙ্গলবার দুপুর থেকে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়ে সারারাত পর্যন্ত ওয়াজ নসিহত চলার পর বুধবার বাদ ফজর আখেরি মোনাজাত পরিচালনা হবে।

ওরস উপলক্ষে দেশ-বিদেশ থেকে আলেম-ওলামা, পীর-মাশায়েখ এবং অসংখ্য ভক্ত-আশেকানের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

 

Loading

শেয়ার করুন: